ময়মনসিংহের ফুলবাড়িয়ায় স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ প্রার্থীর সমর্থক ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতিকে বেধড়ক পিটিয়েছেন। নির্বাচনী আচরণবিধি মেনেই নৌকার প্রার্থীও তার সমর্থকরা প্রচারপ্রচারনা এবং বর্ধিত সভা করলেও স্বতন্ত্র প্রার্থী নিয়মিতই আচরণ বিধি ভঙ্গ করছেন বলে অভিযোগ ওঠেছে। ঘটনাটি ঘটেছে গতকাল বিকেলে উপজেলা সদর থেকে তিন কিলোমিটার দূরে ছনকান্দা উচ্চবিদ্যালয় মাঠে।
প্রত্যক্ষ্যদর্শী উপজেলা আওয়ামী লীগের সদস্য মোশাররফ হোসেন জানান, ছনকান্দা উচ্চবিদ্যালয় মাঠে নির্বাচনকে সামনে রেখে বিকেল চারটায় উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা হওয়ার কথা ছিলো।
সভা শুরু হওয়ার আধঘণ্টা আগে তিনি এবং উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডাক্তার তোফাজ্জল হোসেন সভাস্থলে পৌঁছান। এর একটু পরেই স্বতন্ত্র প্রার্থী আব্দুল মালেক সরকার দলবল নিয়ে সেখানে উপস্থিত হন। তিনি তার এলাকায় তাদের আসার কারণ জানতে চান এবং বলেন, আমার এলাকায় নৌকার কোনো নির্বাচনী কার্যক্রম চলবেনা। এ নিয়ে প্রথমে উভয় পক্ষের কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে মালেক সরকার মোশাররফ ও ডাক্তার তোফাজ্জলকে কিল ঘুষি ও লাথিসহ বেদম মারধোর করে।
এতে পন্ড হয়ে যায় বর্ধিত সভা। এঘটনার পর এলাকায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় বয়ে যাচ্ছে। পরে তোফাজ্জল হোসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়ার পর থানায় অভিযোগ করেন। রাত সাড়ে বারোটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছিলো।
এব্যাপারে ডা, তোফাজ্জল হোসেনের মোবাইল ফোনে রিং দিলেও তিনি ফোন ধরেননি। মালেক সরকার উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান। তিনি নৌকার মনোনয়ন চেয়ে ব্যর্থ হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ছনকান্দা মালেক সরকারে নিজস্ব ইউনিয়ন। তিনি ওই ইউনিয়নের চেয়ারম্যানও ছিলেন। তাকেও ফোনে পাওয়া যায়নি।