বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকাকালীন নারী নির্যাতন ও বিনা বিচারে মানুষকে হত্যা করেছে তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত ক্ষমতায় আসলে বিষ খেয়ে আত্মহত্যা করবো-ময়মনসিংহের গৌরীপুরে আওয়ামী লীগের উন্নয়ন প্রচরণায় উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে এ কথাগুলো বলেছেন ময়মনসিংহের গৌরীপুরের এমপি নাজিম উদ্দিন আহমেদ।
তিনি আরও বলেন, আমার কোন সহায়-সম্পদ নাই, ব্যাংক একাউন্টে কোন টাকা পয়সা নেই। এখন আমি নিঃস্ব, রিক্ত হিসেবে আপনাদের মাঝে আছি। উন্নয়নের ধারাবাহিকতায় রক্ষায় আগামী জাতীয় সংসদ নির্বাচনেও ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে হবে।
শনিবার বিকেলে উপজেলার মাওহা ইউনিয়নের ভূটিয়ারকোনা গ্রামে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বার এর সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক ইমতিয়াজ সুলতান জনির সঞ্চালনায় বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা পরিষদ সদস্য সামদানী খান সুমন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তানজীর আহমেদ রাজীব, মাওহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল ফাররু, বোকাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মুক্তাদীর শাহীন, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক আ. মুন্নাফ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক স্বাধীন, গৌরীপুর পৌরসভার প্যানেল মেয়র-৩ রুজিনা চৌধুরী মিতু প্রমুখ।