আজ মধ্যরাতে শেষ হচ্ছে মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা কার্যক্রম। নদীতে মাছ শিকারে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলেরা। দীর্ঘ বিরতি শেষে নদীতে নামতে মুখিয়ে আছেন তারা।ধারাবাহিক অভিযান সফল হওয়ায় ইলিশের প্রাচুর্যে ভরে উঠবে নদীগুলো এমনটাই প্রত্যাশা কর্তৃপক্ষের।
গেল ৪ অক্টোবর থেকে মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা ছিল। এসময় নদীতে সকল প্রকার মাছ ধরা নিষিদ্ধ ছিল। নিষেধাজ্ঞা শেষে আবারও নদীতে নামার প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। জাল সেলাই, নৌকা মেরামতে এখন ব্যস্ত সময় কাটছে তাদের।
নিষেধাজ্ঞা চলাকালীন নদীতে মাছ ধরা, বিক্রি, পরিবহন ও মজুত ছিল সম্পূর্ণ নিষিদ্ধ। এ সময়ে জেলেরা জীবিকা হারিয়ে পড়েছিলেন চরম কষ্টে।যদিও সরকারের পক্ষ থেকে সহায়তা করা হয়েছে। যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। নিষেধাজ্ঞা শেষে জেলেদের মুখে এখন আশার হাসি। তবে, নদীতে ইলিশের পরিমাণ ও দাম নিয়ে শঙ্কাও রয়েছে তাদের মনে। জেলে আক্তার হোসেন বলেন, নিষেধাজ্ঞাকালীন আমরা নদীতে মাছ ধরা থেকে বিরত ছিলাম। এখন নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় মাছ ধরার প্রস্তুতি সম্পন্ন করেছি। আশা করি ভালো মাছ জালে উঠবে। মৎস্য কর্মকর্তারা জানান, নিষেধাজ্ঞাকালীন প্রত্যেক জেলে পরিবারকে খাদ্য সহায়তা হিসেবে ২৫ কেজি করে চাল দেওয়া হয়। নিষেধাজ্ঞা মানায় নদীতে ইলিশের প্রজনন বেড়েছে। তাই আগামীতে ইলিশের উৎপাদন আরও বৃদ্ধি পাবে বলে আশা করা যায়।
জেলা প্রশাসক মো. মোহসীন উদ্দীন বলেন, নিষেধাজ্ঞাকালীন জেলায় অর্ধশতাধিক জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এসময় প্রায় ৬ লক্ষ মিটার কারেন্ট জাল ও প্রায় ১ টন ইলিশ জব্দ করা হয়েছে।