রাজধানীর ডেমরায় বামৈল ব্রিজের পাশে মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী নাহিদ ইসলাম (১৩) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে।
রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় মাদ্রাসাছাত্র নিহত
সোমবার (১২ জুন) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক পৌনে ৭টায় মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নাহিদ নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরখাগড়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট সে। তার পরিবার ডেমরা স্টাফ কোয়াটার দেল্লা এলাকায় থাকে। ডেমরা বামৈল এলাকায় একটি হাফিজিয়া মাদ্রাসায় পড়তো নাহিদ।
তাকে হাসপাতালে নিয়ে যাওয়া জাহিদুল ইসলাম আপন নামে এক যুবক জানান, সন্ধ্যার দিকে বামৈল ব্রিজের পাশে হঠাৎ একটি শব্দ শুনতে পান তিনি। দৌড়ে গিয়ে দেখেন বাইসাইকেলসহ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে নাহিদ। আর পাশে মোটরসাইকেল চালক এবং আরোহী পড়ে আছে। তখন তিনি নাহিদকে উদ্ধার করে সিএনজিচালিত অটোরিকশা করে ঢাকা মেডিকেলে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মোটরসাইকেল চালক ও আরোহীরা স্থানীয় কোনো হাসপাকালে চিকিৎসা নিচ্ছেন।
খবর পেয়ে হাসপাতালে যান নিহতের বাবা জাহাঙ্গীর আলম। তিনি জানান, বামৈলে একটি হাফিজিয়া মাদ্রাসায় পড়তো নাহিদ। দুই এক দিন পরপর মাদ্রাসা থেকে হেঁটে বাসায় গিয়ে মা-বাবার সঙ্গে দেখা করে আসে সে। সন্ধ্যায়ও মাদ্রাসা থেকে বাসায় যাচ্ছিল। তবে তার নিজের কোনো বাইসাইকেল নেই। কার বাইসাইকেল চালিয়ে যাচ্ছিল তা জানেন না তিনি।
পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, ঘটনাটি সম্পর্কে ডেমরা থানা পুলিশকে জানানো হয়েছে। তারা এটি দেখছে। ময়নাতদন্তের জন্য নাহিদের মরদেহটি ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।