লালমনিরহাটে ধানের শীষের প্রার্থীর সমর্থনে প্রায় অর্ধশত ব্যানারে ভোটারযাত্রা করেছে ৩০ হাজারের বেশি মানুষ। সোমবার সকাল ১১টায় শহরের ফায়ার সার্ভিস রোডের ঐতিহাসিক এম,টি হোসেন ইনস্টিটিউট মাঠ থেকে লালমনিরহাট–৩ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আসাদুল হাবিব দুলু পক্ষে ওই ভোটারযাত্রা শুরু হয়। এতে নিজ নিজ ব্যানারে বিভিন্ন পেশাজীবী সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এবং বিভিন্ন ব্যানারে সাধারণ ভোটারগণ অংশগ্রহণ করেন।
ভোটারযাত্রার শুরুতে বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটি রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট–৩ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী আসাদুল হাবিব দুলু বলেন, এবারের নির্বাচনে ভিন্নমাত্রার প্রচারণা পরিচালনা করা হচ্ছে, যা সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আরও গতিশীল হয়ে উঠেছে।
তিনি বলেন, দলের সঙ্গে সরাসরি যুক্ত না থেকেও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা ধানের শীষের প্রচারণায় অংশ নিচ্ছেন।এ জন্য তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একটি সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধ লালমনিরহাট গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে দুলু বলেন, অহংকার ও বিভেদের রাজনীতি পরিহার করে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
নির্বাচনে জয়ী হলে সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার করে তিনি বলেন, “আপনারা এতদিন আমাকে পাহারা দিয়েছেন, নির্বাচিত হলে আমিও আপনাদের পাহারাদার হয়ে থাকব।”
তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোটকেন্দ্রে উপস্থিত থেকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।
ভোটারযাত্রায় জনকল্যাণ সংঘ, ভ্যান ও ঠেলা শ্রমিক ইউনিয়ন, হোটেল ও ট্রাক শ্রমিক ইউনিয়ন, ইমারত নির্মাণ শ্রমিক, শিক্ষক সমাজ, রেলওয়ে খেলোয়াড় কল্যাণ সমিতি, নদীভাঙন সামাজিক সংগঠন, এসএসসি ব্যাচ ’৮৪, শিল্পীগোষ্ঠী, তাঁতি গোষ্ঠী, অটোচালক সমিতি, নাপিত সমাজ, দোকান মালিক সমিতি, বৃক্ষরোপণ সংগঠন এবং জেলা আইনজীবী সমিতিসহ শতাধিক বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনসহ প্রায় অর্ধশত সংগঠন নিজ নিজ ব্যানারে অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক এ বি এম ফারুক সিদ্দিকী, পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক আবদুস সালাম, জেলা যুবদলের আহ্বায়ক আনিসুর রহমান, জেলা মহিলা দলের সভাপতি জিন্নাত ফেরদৌস আরা, সাধারণ সম্পাদক আঞ্জুমান আরাসহ বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।