ডেস্ক রিপোর্ট : রাজধানী খিলক্ষেত এলাকায় শহিদুল ইসলাম হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ (বৃহস্পতিবার) ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ ফাতেমা ইমরোজ ক্ষণিকা এ রায় ঘোষণা করেন।
রায়ে কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের কারাভোগ করতে হবে। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- এসএম হিরন খান, আমির হোসেন, জাকির হোসেন ও মোহাম্মদ সিরাজ।
রায় ঘোষণার সময় এসএম হিরন খান, আমির হোসেন ও জাকির হোসেনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণার পর তাদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়।
অন্যদিকে আসামি মোহাম্মদ সিরাজ রায় ঘোষণার সময় পলাতক ছিলেন। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
২০১০ সালের ৩ জুন রাজধানীর খিলক্ষেত এলাকায় পূর্ব পরিকল্পিতভাবে শহিদুল ইসলামকে হত্যা করেন আসামিরা। এ ঘটনায় খিলক্ষেত থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।