গত বছরের তুলনায় চলতি বোরো মৌসুমে ফরিদপুরের সালথায় কমে গেছে ধানের আবাদ। এবছর ৫শ হেক্টর জমিতে এই ধানের আবাদ করেছে চাষিরা। গত বছরের চেয়ে ১৫১ হেক্টর কম।
জানা যায়, সালথা উপজেলার প্রধান ফসল পাট, পেঁয়াজ ও রোপা আমন। এক যুগ আগেও পাট, গম ও বোরো-ইরি ধান ছিলো এই অঞ্চলের প্রধান ফসল। রোপা বর্ষা মৌসুমে রোপা আমন চাষ ঠিকই আছে, তবে পেয়াজ চাষের ভীড়ে হারিয়ে গেছে বোরো ধান ও গমের আবাদ।
ধান চাষি চকমেল মোল্যা ও রাজেক শেখ বলেন, পেঁয়াজ চাষে জমিতে ফলন বেশি, লাভও বেশি। তাই এখন কেউ চলতি বোরো মৌসুমে ধানের আবাদ করতে চায় না। সবাই পেঁয়াজ চাষে ঝুঁকে পড়েছে। তারপরও এবছর যতটুকু বোরো ধানের আবাদ হয়েছে, তাতে বাম্পার ফলন হবে বলে আশা করা যাচ্ছে।
উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার সুদীপ বিশ্বাস বলেন, এবছর সালথা উপজেলায় ৫শ’ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। চাষিদের সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে। আশা করা যায় ফলনও ভালো হবে।