ফরিদপুরের সালথায় নসিমন- ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ইকরাম মোল্লা (৬৫) নামে এক বৃদ্ধ’র। আজ সোমবার (৩০ মার্চ) দুপুরে উপজেলার যদুনন্দী ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ইকরাম মোল্যা পাশ্ববর্তী বোয়ালমারী উপজেলার কুমড়োল গ্রামের মৃত আমির হোসেন মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার যদুনন্দী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের কামরুল মেম্বারের বাড়ি সংলগ্ন পাকা রাস্তার উপর সালথার দিক থেকে আসা ব্যাটারি চালিত ইজিবাইক ও অপর দিকে যদুনন্দী থেকে আসা পিয়াজ ভর্তি নসিমন মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ইজিবাইকে থাকা যাত্রী ইকরাম মোল্লা ঘটনাস্থলেই মারা যান। বাকি ৪/৫ জন যাত্রী আহত হলে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হযেছে।
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাবলুর রহমান খান বলেন, সড়ক দূর্ঘটনার সংবাদ পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতের সুরতহাল রিপোর্ট প্রস্তুতপূর্বক পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
তিনি আরো বলেন, নসিমন গাড়ির ড্রাইভার দ্রুত ঘটনাস্থল হইতে কৌশলে পালিয়ে যায়। দুর্ঘটনায় কবলিত ব্যাটারি চালিত ইজিবাইক ও নসিমন পুলিশ হেফাজতে রয়েছে। বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।