সুনামগঞ্জ সদর উপজেলায় মাদকবিরোধী এক বিশেষ অভিযান পরিচালনা করে গাঁজা ও মাদক বিক্রির বিপুল পরিমাণ নগদ অর্থসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (DNC)।
রোববার (৮ মার্চ) সকালে সদর থানাধীন সুরমা ইউনিয়নের উত্তর ইব্রাহিমপুর গ্রামে এই সফল অভিযান চালানো হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, সুনামগঞ্জের উপপরিচালক মোঃ আবুল হোসেনের সার্বিক নির্দেশনায় একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উত্তর ইব্রাহিমপুর এলাকায় অবস্থান নেয়। বেলা ১১টার দিকে চিহ্নিত মাদক কারবারি মনি বেগমের (৩৮) নিজ বসতঘরে হানা দেয় ডিএনসি প্রতিনিধি দল।
তল্লাশিকালে আসামীকে তার সেমিপাকা ঘরের পশ্চিম পাশের কক্ষে দণ্ডায়মান অবস্থায় পাওয়া যায়। পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে ঘর তল্লাশি করে ২০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রয়ের নগদ ২১,০০০ (একুশ হাজার) টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীর নাম মনি বেগম (৩৮)। তিনি উত্তর ইব্রাহিমপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের মেয়ে এবং মৃত করিমুন নেছার সন্তান। তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
অভিযান শেষে উদ্ধারকৃত আলামতসহ আসামীকে সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোঃ আতাউর রহমান সজীব বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২০) এর ৩৬ (১) সারণির ক্রমিক নং ১৯(ক) ধারা মোতাবেক রুজু করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ আবুল হোসেন জানান:”মাদকের বিরুদ্ধে আমাদের ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রয়েছে। সুনামগঞ্জ জেলাকে মাদকমুক্ত করতে আমাদের এ ধরণের আকস্মিক ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে।”