দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকার বাইরে মারা গেছেন ৭ জন এবং ঢাকায় ৫ জন। এই নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১ হাজার ২৮৪ জনে।
মঙ্গলবার (২৪ অক্টোবর) নতুন করে আক্রান্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৫২ জন। আগের দিন সোমবার ডেঙ্গুতে ১৭ জনের মৃত্যু এবং হাসপাতালে ভর্তি হয়েছিলেন ২ হাজার ১৪ জন।
এছাড়া চলতি মাসের ২৪ দিনে ডেঙ্গুতে প্রাণ গেছে ২৯৫ জনের। অর্থাৎ প্রতিদিন গড়ে ১২ জনের মৃত্যু হচ্ছে। আর একই সময়ে আক্রান্ত হয়েছেন ৫৫ হাজার ৫০৬ জন। যার গড় সংখ্যা ২ হাজার ৩১২ জনের ওপরে। এই নিয়ে চলতি বছরে মোট আক্রান্ত হয়েছেন ২ লাখ ৫৮ হাজার ৯১২ জনের। তাদের মধ্যে ঢাকা সিটিতে ৯৬ হাজার ৪১১ জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন ১ লাখ ৬২ হাজার ৫০১ জন ।
মঙ্গলবার ( ২৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে বলায় হয়, দেশে বর্তমানে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৭ হাজার ৫৪৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২ হাজার ১০৬ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ৪৪০ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। আর গত ২৪ ঘন্টায় ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৪’শ ২৭ জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ১ হাজার ৪২৫ জন।
অধিদফতরের তথ্যমতে, ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ২৪ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতাল চলতি বছরে ডেঙ্গু-আক্রান্ত হয়ে মোট ভর্তি হয়েছেন ২ লাখ ৫৮ হাজার ৯১২ জন রোগী। আর এখন পর্যন্ত মোট হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন ২ লাখ ৫০ হাজার ৮২ জন। আর আক্রান্তদের মধ্যে চলতি বছরের জানুয়ারি মাসে ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন, মে মাসে ১০৩৬ জন, জুন ৫ হাজার ৯৫৬, জুলাইয়ে ৪৩ হাজার, ৮৫৪ জন, আগস্টে ৭১ হাজার ৯৭৬ জন এবং সেপ্টেম্বরে ৭৯ হাজার ৫৯৮ জন রোগী আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর মধ্যে জানুয়ারি মাসে ছয়জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে দুজন, মে মাসে দুজন জুনে ৩৪ জন, জুলাইয়ে ২০৪ জন, আগস্টে ৩৪২ জন, সেপ্টেম্বরে ৩৯৬ জনের মৃত্যু হয়েছে।