টঙ্গী ইজতেমার মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদপন্থীদের বর্বরতা হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকালে সাতক্ষীরা উলামা পরিষদ সদর থানা শাখার আয়োজনে শহরের নিউমার্কেট মোড়ে সদর থানা উলামা পরিষদের সভাপতি মুফতি সাইফুল্লাহ রহমানির সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা উলামা পরিষদের সভাপতি হাফেজ মাওঃ আব্দুল খালেক।
সদর থানা উলামা পরিষদ সেক্রেটারি মুফতি নুরুল্লাহ সঞ্চালনায় মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, জামিয়া শরইয়াহ মাদ্রাসার শিক্ষা সচিব মাহমুদুল হাসান,সাতক্ষীরা মারকাযের সাবেক জেলা আমীর প্রফেসর হাবিবুর রহমান, জর্জ কোর্ট মসজিদে ইমাম মাওলানা আব্দুল্লাহ, মারকাযের ফয়সাল মুস্তাকুর রহমান দারা, থানা মসজিদের ইমাম মুফতি আব্দুল্লাহ,তাকওয়া মাদ্রাসার পরিচালক মাও মোখলেছুর রহমান,নলকুড়া মাদ্রাসার শিক্ষক মাও মুজাহিদুল ইসলাম হাবিবী সহ আরো অনেকে।
এসময় বক্তরা বলেন,টঙ্গী ইজতেমার ময়দানে যখন আমাদের তাবলিগের সাথী ভাইরা গভীর রাতে তাহাজ্জুদ পড়ছিলেন ঠিক তখনই চিহ্নিত ভারতীয় দোসর সাদপন্থীরা’ পরিকল্পিতভাবে অতর্কিত সন্ত্রাসী হামলা চালিয়ে চার জনকে শহীদ করেছে এবং অসংখ্য সাথী ভাইকে আহত করেছে। আমরা এই হামলাকারী সন্ত্রাসী সাদপন্থীদের সর্বোচ্চ শাস্তি দাবী করি। একইসাথে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সাতক্ষীরা সহ সারা বাংলাদেশে মসজিদে সাদপন্থীদের পরিচালিত কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করার আহবান জানান। এবং জেলা প্রশাসকের মাধ্যমে তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রধান উপদেষ্টার কাছে প্রদান করেন।