বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠণিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য, এই ঐতিহ্যকে টিকিয়ে রাখতে কুমার নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করতে হবে। এই অবৈধ কর্মকান্ডের সাথে যারা জড়িত থাকবে তাদেরকে ছাড় দেওয়া হবে না।
কুমার নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবীতে বিএনপির আয়োজনে আজ শনিবার (২৬ এপ্রিল) সকাল ১১ টায় ফরিদপুরের সালথা উপজেলার বড়দিয়া বাজারে জনসচেতনতা মূলক এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
তিনি এসময় প্রশাসনকে বলেন, আমাদের ফরিদপুরে যারা এসব অবৈধ বালু উত্তোলন করবে এবং তাদের যারা সহযোগিতা করবে, তাদেরকে চিহৃিত করে আইনের আওতায় আনতে হবে।
উপজেলা বিএনপির সভাপতি ছিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিছুর রহমান বালী, সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান, নগরকান্দা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বাবুল তালুকদার, সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, শিক্ষক নেতা মোঃ জাহিদ হোসেন।
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহসভাপতি শাহিন মাতুব্বর, গট্টি ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল মাতুব্বর, যুবদল নেতা এনায়েত হোসেন, বালাম হোসেন, শাফিকুল ইসলাম, মাহফুজ খান, চৌধুরী মামুন, ছাত্রদল নেতা আনিছুর রহমান তাজুল, রেজাউল ইসলাম রাজ, সাইফুল আলম সহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মী বৃন্দ।
সালথা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিছুর রহমান বালী বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের জন্য ১৫ টি স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। কেউ যদি বালু উত্তোলন করার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।