হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় নজরুল ইসলাম (৪০) নামে এক নছিমন চালক নিহত হয়েছেন। সোমবার (১৩ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার রুস্তমপুর টোল প্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট হাজীপুর গ্রামের হারুন মিয়ার ছেলে। তিনি পেশায় একজন নছিমন চালক ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে নজরুল ইসলাম তার নছিমন নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি অভিমুখে যাচ্ছিলেন। রুস্তমপুর টোল প্লাজা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আল মোবারকা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নছিমনটিকে চাপা দেয়। এতে নছিমনটি উল্টে গিয়ে চালক গুরুতর আহত হন। দুর্ঘটনার পর বাসটি দ্রুত পালিয়ে যায়।
খবর পেয়ে গোপলারবাজার তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত চালককে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে নজরুল ইসলামের মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রশিদ সরকার।