বাগেরহাট-১ আসনে ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মো. মশিউর রহমান খান বলেন, “১২ তারিখের নির্বাচনে যারা আমাকে ভোট দিয়েছেন বা দেননি সবাই সমান সুযোগ-সুবিধা পাবেন।
এ আসনে বাসবাসকারী মুসলিম ধর্মাবলম্বী আব্দুর রহমান ভাই যে অধিকার পাবেন, সনাতন ধর্মাবলম্বী জগদিস পান্ডে ভাই সেই সুযোগ-সুবিধা পাবেন। জাতী ধর্ম বর্ণ নির্বিশেষ সবার সমান অধিকার নিশ্চিত করবো ইনশআল্লাহ।”
আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টায় বাংলাদেশ উপজেলা জামায়াতে ইসলামী ফকিরহাট উপজেলা শাখা কার্যালয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, ‘আমরা সম্প্রীতির রাজনৈতিক সংস্কৃতি গড়তে চাই। বিএনপি সরকার গঠন করবেন। আমরা তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গঠনে সহায়তা করতে চাই। আমি আজ সকালেই বিজিত প্রার্থী জনাব কপিল কৃষ্ণ মন্ডলের বাড়ি গিয়ে দেখা করেছি।’
সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ফকিরহাট উপজেলা শাখার সভাপতি এবিএম তৈয়াবুর রহমান, সেক্রেটারি আবুল আলা মাসুম, বাগেরহাটে জামায়াতে ইসলামী দলের নির্বাচনী প্রধান সমন্বয়ক অধ্যাপক মোফাজ্জেল হায়দার, এনসিপি বাগেরহাট জেলা কমিটির সিনিয়র সদস্য মো. লাবীব আহম্মেদ প্রমূখ। এসময় উপজেলা ও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন। স্বল্প পরিসরে আয়োজিত অনুষ্ঠানে এসময়ে ব্যাপক জনসমাগম তৈরি হয়। ১১ দলীয় জোটের পক্ষ থেকে এসময় নেতাকর্মীরা নির্বাচিত সংসদ সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মো. মশিউর রহমান খান দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ১৬ হাজার ২৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডল ধানের শীষ প্রতীকে ১ লাখ ১৩ হাজার ২৮৩ ভোট পেয়েছেন। ##