গাজীপুরের শ্রীপুরে এক নীরব মানবিক উদ্যোগ চার বছর ধরে নিয়মিতভাবে ছড়িয়ে দিচ্ছে সহমর্মিতার বার্তা। উপজেলার তরী রেস্টুরেন্টে প্রতি সপ্তাহের বুধবার অসহায়, পথচারী ও খেটে খাওয়া মানুষের জন্য আয়োজন করা হয় একবেলা খাবারের।
২৯ এপ্রিল, বুধবার দুপুরে রেস্টুরেন্ট প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, বিভিন্ন বয়স ও পেশার মানুষ খাবারের আশায় জড়ো হয়েছেন। কারও চোখে ক্লান্তি, কারও মুখে অনিশ্চয়তার ছাপ—তবু সবার লক্ষ্য একটাই, একবেলা নিশ্চিন্তে খাবার পাওয়া। আয়োজকদের তত্ত্বাবধানে সারিবদ্ধভাবে তাদের মাঝে খাবার বিতরণ করা হয়। এদিন শতাধিক মানুষ তৃপ্তি সহকারে খাবার গ্রহণ করেন।
চলতি সপ্তাহের আয়োজনটি করেন আরিফ হোসেন সরকার, যিনি গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং মাওনা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক। তাঁর উদ্যোগে এই আয়োজন সম্পন্ন হয়।
বৃষ্টি ভেজা আবহাওয়াও থামাতে পারেনি এই মানবিক কার্যক্রম। নির্ধারিত সময়েই খাবার বিতরণ করা হয়, যা উপস্থিত মানুষের মাঝে স্বস্তি এনে দেয়। আয়োজকদের সঙ্গে কথা বলে জানা যায়, সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য থেকেই এই উদ্যোগের শুরু। চার বছর ধরে নিয়মিতভাবে চলা এই আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা তাদের।