উপদেষ্টাদের দুর্নীতির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী, বিএনপির মহাসচিব এবং ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “এই বিষয়গুলোতে এখন সময় নষ্ট না করে আমাদের ভবিষ্যতের দিকে নজর দেওয়া উচিত।
সত্যিকার অর্থে দেশকে কিভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে কীভাবে শক্তিশালী করা যায় সে বিষয়েই গুরুত্ব দেওয়া প্রয়োজন।”
তিনি আরও বলেন, “যার যেটা কাজ, সে সেটা করবে। দুর্নীতির অভিযোগ দেখার জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক) আছে। যারা দুর্নীতি করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়ীত্ব দুদকের। আমরা কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেইনি এবং ভবিষ্যতেও দেব না।”
মির্জা ফখরুল শনিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি সকল অফিস প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।
এসময় মন্ত্রী আরও বলেন, ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের লক্ষ্যে ইতোমধ্যে একটি টিম জেলায় পরিদর্শনে এসেছে। তারা জমি নির্ধারণের কাজ করবেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনাও হয়েছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, ২০২৭ সালের মধ্যে মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু করা সম্ভব হবে। এইটি সংবাদটি ঠাকুরগাঁওবাসীর জন্য নিঃসন্দেহে একটি সুখবর।
মাদক নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, পুলিশ সুপারের বিশেষ তত্ত্বাবধানে এ বিষয়ে কার্যক্রম জোরদার করা হবে এবং তাৎক্ষণিকভাবে উদ্যোগ গ্রহণ শুরু হবে।
ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, পৌরসভার অবকাঠামো উন্নয়ন এবং কৃষি খাতের অগ্রগতির বিষয়ে সভায় আলোচনা হয়েছে বলে জানান মন্ত্রী এবং উন্নয়ন প্রকল্পসমূহ দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেও কার্যকর ব্যবস্থা গ্রহণের কথা বলেন তিনি।
ফ্যামিলি কার্ড কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, চলতি মাসের মধ্যেই ঠাকুরগাঁও সদরের রহিমানপুর ইউনিয়নের একটি ওয়ার্ডে পাইলট প্রকল্প চালু করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে।
ঠাকুরগাঁওয়ের ট্রেনের বগির মান সম্পর্কে প্রশ্নের জবাবে তিনি বলেন, ট্রেনের বগির মান পুনরায় উন্নত ও মানসম্মত করা হবে।
সভায় জেলা প্রশাসক ইশরাত ফারজানার সভাপতিত্বে বিভিন্ন উন্নয়ন কর্মসূচি নিয়ে আলোচনা হয় এবং জেলার সার্বিক উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের বিষয়ে মতবিনিময় করা হয়।
পরে মন্ত্রী ঠাকুরগাঁও কেন্দ্রীয় বাস টার্মিনালে অবস্থিত কোচ কাউন্টার এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং জেলার উন্নয়নে ইপিজিড স্থাপন, বিমানবন্দর চালুসহ বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। এসময় জেলা বিএনপি’র সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, পৌর প্রশাসক ও জেলা মটর বাস মালিক সমিতির নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।
এরপর মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম তাঁর মরহুম পিতা মির্জা রুহুল আমিন এর ৩০তম ইন্তেকাল বার্ষিকী এবং ১০৫তম জন্মদিন উপলক্ষে স্থানীয় সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে মির্জা রুহুল আমিন স্মৃতি পরিষদ আয়োজিত প্রায় পাঁচ হাজার মুসল্লীর অংশ গ্রহণে মরহুমের রুহের মাগফিরাতের জন্য দোয়া ও ইফতার মাহফিলে অংশ গ্রহণ করেন এবং এসময় তিনি গত নির্বাচনে তাঁকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য সকলকে ধন্যবাদ জানান।