কুড়িগ্রামে শিশু অধিকার ও সুরক্ষা জোরদার করার লক্ষ্যে SOS Children’s Villages International–এর অঙ্গসংগঠন এসওএস শিশু পল্লী বাংলাদেশ পরিচালিত পরিবার শক্তিশালীকরণ কর্মসূচির উদ্যোগে এক সমন্বয় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ঠা মার্চ) বিকেলে সংস্থার কুড়িগ্রাম অফিসে আয়োজিত এ কর্মসূচিতে সুবিধাভোগী শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, বিভিন্ন এনজিও প্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং কমিউনিটি এমপাওয়ারমেন্ট ফর ফ্যামিলি এমপাওয়ারমেন্ট (সিএফই) সদস্যরা অংশগ্রহণ করেন।
সভায় শিশু নির্যাতন, বাল্যবিয়ে প্রতিরোধ, ঝরে পড়া রোধ এবং ঝুঁকিপূর্ণ শিশুদের সার্বিক সুরক্ষা নিশ্চিতকরণে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। পরিবার শক্তিশালীকরণ কর্মসূচির কর্মকর্তা মকলেছুর রহমান বলেন, এসওএস শিশু পল্লী বাংলাদেশ দীর্ঘদিন ধরে এতিম, পরিত্যক্ত ও ঝুঁকিপূর্ণ শিশুদের পরিবারভিত্তিক বিকল্প যত্ন, শিক্ষা সহায়তা, স্বাস্থ্যসেবা ও মানসিক বিকাশে কাজ করে যাচ্ছে।
তিনি জানান, পরিবার শক্তিশালীকরণ কর্মসূচির মূল লক্ষ্য হলো ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে আর্থ-সামাজিকভাবে সক্ষম করে তোলা, যাতে শিশুরা পরিবারেই নিরাপদ পরিবেশে বেড়ে উঠতে পারে এবং প্রাতিষ্ঠানিক যত্নের প্রয়োজন না পড়ে। এ কার্যক্রম বাস্তবায়নে দেশ-বিদেশের ব্যক্তি ও প্রতিষ্ঠানের দান, সদকা ও যাকাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি স্থানীয় ব্যবসায়ী ও যাকাতদাতাদের অনলাইন ও রসিদের মাধ্যমে যাকাত প্রদান করে অবহেলিত শিশুদের শিক্ষা ও মানসিক বিকাশে এগিয়ে আসার আহ্বান জানান।
আলোচনা পর্ব শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে অংশগ্রহণকারীদের নিয়ে ইফতার সম্পন্ন করা হয়।
এসময় কর্মসূচির কর্মকর্তা রিয়াজ উদ্দিন ও ফাহমিদা হামিদ, ভলান্টিয়ার রফিকুল ইসলাম, রাশেদুল ইসলাম, জীবন, তাজনিমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।