নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ গোদনাইলে নীট শিল্পপল্লী পরিদর্শন করে বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিদ্যুৎ উৎপাদনের পর অগ্রাধিকার ভিত্তিতে শিল্প-কারখানায় সরবরাহ করা হয়।
ফলে জ্বালানির কারণে উৎপাদন ব্যাহত হয়ে রফতানি কমে গেছে—এমন ধারণা সঠিক নয়। বরং বৈশ্বিক বাজারে রফতানির মন্দাভাবই এর অন্যতম প্রধান কারণ। আজ শনিবার (২৫ এপ্রিল) বেলা ১১টার দিকে নাসিক ১০ নং ওয়ার্ড চিত্তরঞ্জন কটন মিলে গড়ে ওঠা নিট শিল্পপল্লী পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ভবিষ্যতে নতুন বিনিয়োগকারীদের জ্বালানিনির্ভর (ফুয়েল ইন্টেন্সিভ) শিল্পের পরিবর্তে কম জ্বালানি-নির্ভর শিল্প স্থাপনে উৎসাহিত করা হবে। এছাড়া জ্বালানির দাম বৃদ্ধিকে কেন্দ্র করে বাসভাড়া ও নিত্যপণ্যের দাম অযৌক্তিকভাবে বাড়ানোর কোনো সুযোগ নেই উল্লেখ করে সংশ্লিষ্টদের নজরদারি বাড়ানোর নির্দেশনা দেন তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিটিএমসির শিল্প প্লটগুলোর মধ্যে দু’টিতে শিল্প স্থাপন করা হয়েছে। আরও দুটি প্লট প্রক্রিয়ায় রয়েছে। তবে অবশিষ্ট প্লটগুলোর কিছু অংশ স্থানীয় দখল সমস্যার কারণে ব্যবহারে বাধা রয়েছে। দ্রুত এসব সমস্যা সমাধান করে সব প্লটে বিনিয়োগ নিশ্চিত করা হবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, বিটিএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এসএম জাহিদ হাসান, প্রকল্প পরিচালক কাজী ফিরোজ হোসেন, উপ-প্রধান হিসাব রক্ষক রফিকুল ইসলাম, জেলা প্রশাসক মো রায়হান কবির প্রমুখ।
পরে মন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা টেক্সটাইল শিল্পপল্লীর বর্ণালী কালেকশন লিমিটেড কারখানা পরিদর্শনের পাশাপাশি অন্যান্য প্লটও ঘুরে দেখেন।