বাংলা নববর্ষ উদযাপনকে ঘিরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব।
আজ শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে ভৈরবদী এলাকায় দিনব্যাপী এ উৎসবকে কেন্দ্র করে স্থানীয়দের মাঝে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ, যা পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।
উৎসবে বিভিন্ন বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আকাশজুড়ে দেখা যায় রঙ-বেরঙের ঘুড়ির উড়াউড়ি। শিশু-কিশোর থেকে শুরু করে তরুণ-প্রবীণ সবাই মেতে ওঠেন এই ঐতিহ্যবাহী খেলায়। গ্রামীণ সংস্কৃতির হারিয়ে যেতে বসা এই আয়োজনকে ঘিরে এলাকায় ফিরে আসে উৎসবের আমেজ।
ঘুড়ি খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আশরাফ উদ্দিন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ইউনিয়নের সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে হাজী আশরাফ উদ্দিন বলেন, “ঘুড়ি খেলা আমাদের শিকড়ের সঙ্গে জড়িত একটি ঐতিহ্যবাহী খেলা। আধুনিকতার ভিড়ে এ ধরনের আয়োজন ক্রমেই হারিয়ে যেতে বসেছিল। নতুন প্রজন্ম যেভাবে এই খেলাকে আবার নতুনভাবে ফিরিয়ে আনছে, তা সত্যিই প্রশংসার দাবিদার। তিনি আয়োজকদের ধন্যবাদ জানান এবং অংশগ্রহণকারী সকলকে আন্তরিক অভিনন্দন জানান।
তিনি আরও বলেন, খেলা মানেই আনন্দ ও সম্প্রীতি। তবে অনেক সময় প্রতিযোগিতাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হতে পারে। আমি সবাইকে অনুরোধ করবো, কোনো ধরনের ঝগড়া-বিবাদে না জড়িয়ে শান্তিপূর্ণভাবে খেলায় অংশগ্রহণ করতে।
উৎসবে ৭ নম্বর ওয়ার্ডের ভৈরবদী এলাকার লাল দল ও কালা দল অংশগ্রহণ করে প্রতিযোগিতামূলকভাবে ঘুড়ি উড়ায়, যা দর্শকদের মাঝে বাড়তি উত্তেজনা ও আনন্দ সৃষ্টি করে।
আয়োজকরা জানান, গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও সাংস্কৃতিক আয়োজন অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।