ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদর বাজার ও পৌর টেম্পু স্ট্যান্ডসহ সিএনজি-অটোরিকশা স্ট্যান্ডের ইজারা মওকুফের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আনন্দ র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মান্নান-এর এই জনবান্ধব উদ্যোগে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে বুধবার (১৫ এপ্রিল) এ কর্মসূচির আয়োজন করে নবীনগর উপজেলা শ্রমিক দল।
দুপুরে নবীনগর প্রেস ক্লাব-এর সামনে থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারী শ্রমিক নেতা-কর্মীরা এমপির প্রতি সমর্থন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং সিদ্ধান্তটির প্রতি সন্তোষ প্রকাশ করেন।
র্যালি শেষে আয়োজিত পথসভায় বক্তারা বলেন, বাজার ও স্ট্যান্ডের ইজারা মওকুফের ফলে দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পেলেন সাধারণ শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। এতে তাদের আর্থিক চাপ কমবে এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক গতি ফিরবে। তারা এই সিদ্ধান্তকে সময়োপযোগী ও জনকল্যাণমূলক হিসেবে উল্লেখ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবীনগর উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক জাবেদুল ইসলাম জাবেদ এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মো. শাহ আলম বেপারী। বক্তারা ভবিষ্যতেও এমন গণমুখী উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
স্থানীয়দের মতে, এই সিদ্ধান্ত নবীনগরের শ্রমজীবী মানুষের জীবনে স্বস্তি এনে দিয়েছে এবং এলাকাজুড়ে ইতিবাচক সাড়া ফেলেছে।