চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পারকি পর্যটন কমপ্লেক্স নির্মাণকাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
আজ বুধবার (১৫ এপ্রিল) বিকেল পাঁচটার দিকে উপজেলার পারকি সমুদ্রসৈকত এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ২ নম্বর বারশত ও ৩ নম্বর রায়পুর ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
স্থানীয়দের অভিযোগ, যুবলীগ নেতা ও ঠিকাদার সুজন সিংহের প্রতিষ্ঠান “খাজা ইঞ্জিনিয়ারিং এন্টারপ্রাইজ” নির্মাণকাজে সীমানা প্রাচীরসহ বিভিন্ন স্থাপনায় নিম্নমানের সামগ্রী ব্যবহার করছে। পাশাপাশি লবণাক্ত পানি দিয়ে কাজ করায় স্থাপনার স্থায়িত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তাঁরা।
মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা বলেন, এ ধরনের অনিয়ম চলতে থাকলে প্রকল্পটির গুণগত মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এতে সরকারের অর্থ অপচয়ের পাশাপাশি এলাকার পর্যটন সম্ভাবনাও হুমকির মুখে পড়বে।
তাঁরা দ্রুত এসব অনিয়মের তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে কাজের মান নিশ্চিত করতে যথাযথ তদারকি জোরদারের দাবিও জানান বক্তারা।
এ বিষয়ে অভিযুক্ত প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তাদের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কল রিসিভ করেনি।