বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামে মিলাদ মাহফিল, আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে।
গত শনিবার জেলা বিএনপির দলীয় কার্যালয়ে দিনব্যাপী এ কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানের শুরুতে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে কুড়িগ্রাম জেলা ট্রাক ট্যাংক লরি কাভার ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি শ্রমিক নেতা মোহাম্মদ আলীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, “শ্রমিকরাই দেশের উৎপাদন ব্যবস্থার মূল চালিকাশক্তি। তাদের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায্য মজুরি নিশ্চিত করতে হলে সংগঠিত আন্দোলনের বিকল্প নেই। বর্তমান প্রেক্ষাপটে শ্রমিকদের ঐক্য আরও জোরদার করা জরুরি।”
বিশেষ অতিথির বক্তব্যে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু বলেন, “শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে রাজনৈতিক সচেতনতা ও সংগঠনের শক্তি বাড়াতে হবে। শ্রমিকদের পাশে থাকতে বিএনপি সবসময় প্রতিশ্রুতিবদ্ধ।”
অপর বিশেষ অতিথি অধ্যাপক হাসিবুর রহমান হাসিব বলেন, “শ্রমিকদের জীবনমান উন্নয়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই শ্রমিকবান্ধব নীতি প্রণয়ন ও বাস্তবায়নে সবাইকে সোচ্চার হতে হবে।” এ সময় আরও বক্তব্য দেন কুড়িগ্রাম পৌর বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, সদস্য সচিব আব্দুল আলিম, কুড়িগ্রাম সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হানিফ বিপ্লব, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নাসিম পারভেজ তারা, শ্রমিক নেতা রিজন সরকার ও আজিজুল হকসহ অন্যান্য নেতারা।
বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়। র্যালিতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও শ্রমিক অংশগ্রহণ করেন।