গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে রংপুরের পীরগাছায় ব্যতিক্রমধর্মী এক ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে সামাজিক সংগঠন “মানব কল্যাণ সংঘ”।
আজ শুক্রবার (২২ মে ২০২৬) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কান্দিরহাট মাঝীপাড়া সংলগ্ন মানব কল্যাণ সংঘের কেন্দ্রীয় কার্যালয়ে এ ক্যাম্প অনুষ্ঠিত হবে। আয়োজকরা জানান, অর্থাভাবে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত নিম্ন ও মধ্যবিত্ত মানুষের কথা বিবেচনায় রেখে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ক্যাম্পে সম্পূর্ণ বিনামূল্যে রোগ নির্ণয়, স্বাস্থ্যপরামর্শ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হবে।
চিকিৎসাসেবা প্রদান করবেন রংপুর থেকে আগত অভিজ্ঞ জেনারেল ফিজিশিয়ান ও মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মোঃ জাকারিয়া আলম। তিনি এমবিবিএস (রংপুর মেডিকেল কলেজ), সিএমইউ (ঢাকা) এবং পিজিটি (মেডিসিন) ডিগ্রিধারী।
ক্যাম্পে বক্ষব্যাধি, কিডনি, লিভার, পাকস্থলীর সমস্যা, মানসিক রোগ, ব্রেন স্ট্রোক, প্যারালাইসিস, বাতজ্বর, স্পোর্টস ইনজুরি, মাথাব্যথা, ঘাড়ব্যথা, কোমরব্যথা, পেটব্যথা, যৌন ও চর্মরোগসহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসা ও পরামর্শ দেওয়া হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
মানব কল্যাণ সংঘের সভাপতি হোসাইন রাদি বলেন, “মানুষের কল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। গ্রামের অনেক মানুষ অর্থ সংকটের কারণে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যেতে পারেন না। তাদের কথা চিন্তা করেই এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।”
সহ-সভাপতি আকাশ আহমেদ বলেন, “সামাজিক দায়বদ্ধতা থেকেই আমাদের এই উদ্যোগ। ভবিষ্যতেও মানবসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”
এদিকে, সংগঠনের নির্বাহী সদস্য আশিকুর রহমান, রিফত হাসান, জাহিদ হাসান ও সাইদার রহমান শাওন স্থানীয় জনগণকে নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, গ্রামীণ জনপদে এমন মানবিক উদ্যোগ সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে নতুন উদাহরণ সৃষ্টি করবে।