নবীগঞ্জে দীর্ঘদিনের বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে অভিযান চালাতে গিয়ে গ্রাহকের অসহযোগিতা ও অসদাচরণের মুখোমুখি হয় বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা।
এ ঘটনায় পুলিশি সহায়তায় সংশ্লিষ্ট গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং মিটার ও সার্ভিস ড্রপ তার অপসারণ করা হয়। জানা যায়, নবীগঞ্জ জোনাল অফিসের আওতাধীন পারকুল এলাকায় এক গ্রাহকের ৬ মাসের অধিক সময়ের বিদ্যুৎ বিল বকেয়া ছিল। বকেয়া আদায়ের লক্ষ্যে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা ওই গ্রাহকের কাছে গেলে তিনি অসহযোগিতামূলক আচরণ করেন এবং কর্তব্যরত কর্মীদের সঙ্গে খারাপ ব্যবহার করেন বলে অভিযোগ ওঠে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে অবহিত করা হলে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে বিদ্যুৎ বিভাগের দল বকেয়া গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করে। একই সঙ্গে নিয়ম অনুযায়ী মিটার ও সার্ভিস ড্রপ তার অপসারণ করা হয়।
বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানান, বকেয়া বিল আদায় এবং অবৈধ বিদ্যুৎ ব্যবহার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তারা সকল গ্রাহককে নির্ধারিত সময়ে বিদ্যুৎ বিল পরিশোধ করার আহ্বান জানান, যাতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হয়।