সাংবাদিক মিজানুর রহমানকে হত্যার হুমকি এবং সাংবাদিক আজিম হোসেনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ জুন) বেলা ১১টায় শ্যামনগর বাসস্ট্যান্ড চত্বরে শ্যামনগর উপজেলা প্রেসক্লাব ও স্থানীয় সাংবাদিকদের আয়োজনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। এতে উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ছামিউল ইমাম আযম মনিরের সভাপতিত্বে এবং সাংবাদিক আব্দুল আহাদের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী।
বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত, হুমকিদাতাদের গ্রেফতার এবং আজিম হোসেনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।