“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের আনোয়ারায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৮ জুন) সকাল সাড়ে ১০টা থেকে উপজেলা পরিষদ মিলনায়তনে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ও আনোয়ারা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মওলানা মুহাম্মদ আবদুল খালেক শওকীর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক ওসমান গণীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিন উদ্দিন।
বিতর্ক প্রতিযোগিতার বিচারক ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শামীম আহমেদ সরকার, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক এবং উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ করবী বড়ুয়া। এসময় অন্যান্যদের মাঝে প্রধান শিক্ষক আমিরুজ্জামান, প্রধান শিক্ষক মাহমুদুল হক, সাংবাদিক এম. আনোয়ারুল হক, সাংবাদিক এম নুরুল ইসলাম, পরৈকোড়া নয়নতারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস ছবুরসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সুধীজন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিন উদ্দিন বলেন, এই বিতর্কের মধ্যে জয়-পরাজয় নায়, বিতর্কের আয়োজন মূলত শেখার জন্য। এই বিতর্ককে তোমরা তিনটি বিষয় শিখতে পারবেন। তা হলো- প্রতিটি বিষয় যুক্তি দিয়ে চিন্তা করা, তথ্য দিয়ে অপরের যুক্তি খণ্ডানো এবং বিপক্ষ দল থেকে শেখা। মনে রাখতে হবে নীতি বিরোধী সকল কাজই দুর্নীতি।
প্রতিযোগিতায় মাহতা পাঠানিকোটা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং দক্ষিণ বন্দর উচ্চ বিদ্যালয় রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। এছাড়া চ্যাম্পিয়ন দলের দলনেতা তানজিলা সুলতানা শ্রেষ্ঠ বক্তা হিসেবে নির্বাচিত হন। পরে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে ট্রফি, সনদপত্র ও পুরস্কার তুলে দেন।