সাতক্ষীরা প্রতিনিধি :‘থাকবো ভালো, রাখব ভালো দেশ বৈধ পথে প্রবাসী আয়-গড়ব বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা, সম্মাননা ও চেক প্রদান করা হয়েছে। জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে ১৮ ডিসেম্বর রবিবার সকালে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত আলোচনা সভা, সম্মাননা ও চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
সদর উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা (সদর ভূমি কর্মকর্তা) আজহার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোস্তফা জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদের সদস্য অ্যাড. শাহানাজ পারভীন মিলি, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রর অধ্যক্ষ কে এম মিজানুর রহমান, প্রবাসী কল্যাণ ব্যাংক সাতক্ষীরা শাখার দ্বিতীয় কর্মকর্তা আবদুর রহিম, ট্রাভেল এজেন্সি আল নুর ইন্টারন্যাশনালের সত্ত্বাধিকারী আবু বকর সিদ্দিকী প্রমুখ।
অনুষ্ঠানে ২০২০ সালে নির্বাচিত পিইসি ক্যাটাগরীতে তিন প্রবাসী কর্মীর মেধাবী সন্তানকে ১৪ হাজার টাকা করে মোট ৪২ হাজার টাকার চেক প্রদান করেন অতিথিবৃন্দ। এ সময় সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী একজন পুরুষ ও একজন নারী কর্মীকে এবং সর্বোচ্চ রেমিট্যান্স আহরণকারী ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সাতক্ষীরা শাখাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এর আগে সকালে দিবসটি উপলক্ষে শহরের নিউমার্কেট থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। র্যালিতে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান।
ঢাকা প্রতিদিন/এআর