‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’—এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে লক্ষ্মীপুরে বিপুল উৎসাহ-উদ্দীপনায় জাতীয় ফল মেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর ৩টায় লক্ষ্মীপুর জেলা কৃষি অফিসের সামনে এ মেলার আয়োজন করা হয়। দেশীয় বিভিন্ন প্রজাতির রকমারি ফলের সমাহারে সাজানো স্টলগুলো মেলায় আসা দর্শকদের নজর কাড়ে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ ফল মেলার আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ জহির আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান। তিনি বলেন, “বাংলাদেশের মাটি ও জলবায়ু ফল চাষের জন্য অত্যন্ত উর্বর। আমাদের দেশে যে পরিমাণ বৈচিত্র্যময় ফল উৎপাদন হয়, বিশ্বের অনেক দেশেই তা হয় না। এটা আমাদের সৌভাগ্য যে, এ দেশের মাটিতে ফল গাছ লাগালে তা খুব দ্রুত বেড়ে ওঠে এবং ফলন দেয়।
তিনি আরো বলেন, পুষ্টির চাহিদা মেটাতে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সবাইকে নিজ নিজ আঙ্গিনায় বিভিন্ন প্রজাতির ফল গাছ লাগানোর উদাত্ত আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন—মোহাম্মদ মঞ্জুর হোসেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার। সালাহ উদ্দিন, অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ)।
এছাড়াও বিভিন্ন উপজেলার কৃষি কর্মকর্তা, ইউনিয়ন পর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা মানবদেহে দেশীয় ফলের পুষ্টিগুণ ও প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ফরমালিন ও রাসায়নিক মুক্ত দেশীয় ফলের চাষ বাড়িয়ে তা বারো মাস সংরক্ষণের আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপরও গুরুত্বারোপ করা হয়। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।