রাজধানীর উত্তরা পশ্চিম থানা পুলিশ পৃথক তিনটি সফল অভিযান পরিচালনা করে অপহৃত এক ব্যক্তিকে উদ্ধার, মুক্তিপণের ২৫ লাখ টাকা, আত্মসাৎকৃত প্রায় ২৩ লাখ ৬০ হাজার টাকার স্বর্ণালংকার ও ইলেকট্রনিক্স সামগ্রী উদ্ধার এবং মাদকসহ মোট ৬ জনকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানার একটি দল রবিবার (১৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে দক্ষিণখান থানা এলাকায় অভিযান চালিয়ে অপহরণ মামলার সঙ্গে জড়িত আব্দুল আলিম বাবু (৩০), সজিব মিয়া (২৯), ময়নুদ্দিন (৪০) ও মহিউদ্দিন (৩৬)-কে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত থেকে অপহৃত আজিবুর রহমান (৫০)-কে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। পাশাপাশি মুক্তিপণের জন্য আদায়কৃত নগদ ২৫ লাখ টাকাও জব্দ করা হয়। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এদিকে প্রতারণা ও আত্মসাতের অভিযোগে দায়ের হওয়া একটি মামলার তদন্তে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় অভিযুক্ত নুর হোসাইন সোহাগের অবস্থান শনাক্ত করে পুলিশ। পরে রবিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত লক্ষ্মীপুর সদর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৯ ভরি ওজনের স্বর্ণের চেইনসহ আনুমানিক ২১ লাখ ৬০ হাজার টাকার স্বর্ণালংকার এবং মোবাইল ফোন, ল্যাপটপসহ প্রায় ২ লাখ টাকার ইলেকট্রনিক্স সামগ্রী উদ্ধার করা হয়।
অপরদিকে, একই দিন সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে উত্তরা পশ্চিম থানাধীন ৫ নম্বর সেক্টর এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে জামাল নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৩৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত সকল আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।