ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরাইলী বর্বরোচিত গনহত্যার প্রতিবাদে ফরিদপুরের নগরকান্দায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বাদ জুম্মা ফরিদপুরের নগরকান্দা উপজেলা মডেল মসজিদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মডেল মসজিদ চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। নগরকান্দার তৌহিদী জনতা আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন মুফতি ইসমাতুল্লাহ কাসেমী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা লিয়াকত আলী।
বক্তব্য রাখেন নগরকান্দা বাজার মসজিদের ইমাম মুফতি আসাদুজ্জামান কাসেমী,শহীদনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুজ্জামান অনু, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুফতী মুস্তাফিজুর রহমান,যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ, হেলালউদ্দীন হেলাল, মাওলানা নুরুল আমিন, মাওলানা ইমরান হোসেন,কারী সাইফুল ইসলাম, মাওলানা কামরুজ্জামান তাবু প্রমুখ।
বক্তারা বলেন,গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে। যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদদে ইসরায়েল ফিলিস্তিনিদের উপর যে বর্বর হামলা চালাচ্ছে, তা মানবতার বিরুদ্ধে যুদ্ধ। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। ইসরায়েল ও ইয়াহুদিদের সব পণ্য বর্জনের আহ্বান জানান। ইসরায়েলী প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মানবতা বিরোধী অপরাধের বিচার দাবি করেন। সবশেষে মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া করা হয় ।