নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মল্লিকপাড়া উত্তমদী জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় শেষে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও জনসংযোগ করেছেন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মো. আশরাফ উদ্দিন।
আজ শুক্রবার (১২ জুন) জুমার নামাজ শেষে তিনি মসজিদ প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় উপস্থিত মুসল্লি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, জনসেবার মানোন্নয়ন এবং জনগণের প্রত্যাশা পূরণে তাঁর পরিকল্পনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনার কথা তুলে ধরেন।
হাজী আশরাফ উদ্দিন বলেন, “মোগরাপাড়া ইউনিয়নের উন্নয়ন, স্বচ্ছতা ও জনঅধিকার প্রতিষ্ঠায় আমি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি। জনগণ আমাকে সুযোগ দিলে তাদের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে সর্বাত্মক চেষ্টা করবো।
জনসংযোগকালে তিনি স্থানীয়দের বিভিন্ন সমস্যা, দাবি-দাওয়া ও উন্নয়ন-সংক্রান্ত মতামত মনোযোগ সহকারে শোনেন এবং সেসব বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন। তিনি বলেন, জনপ্রতিনিধির মূল দায়িত্ব হলো জনগণের পাশে থাকা এবং তাদের সুখ-দুঃখের অংশীদার হওয়া।
স্থানীয় মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিরা জানান, সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত থাকার কারণে হাজী আশরাফ উদ্দিনের প্রতি সাধারণ মানুষের আস্থা ও গ্রহণযোগ্যতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। নিয়মিত জনসংযোগ এবং মানুষের খোঁজখবর নেওয়ার মাধ্যমে তিনি ইতোমধ্যে এলাকায় একটি ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলেছেন।
এ সময় মোগরাপাড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক, ব্যবসায়ী, যুব প্রতিনিধি এবং বিপুল সংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন। জনসংযোগ কর্মসূচিকে ঘিরে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।