নারায়ণগঞ্জের বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক ।
আজ বৃহস্পতিবার (১১ জুন) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার মদনপুরে মোস্তফা মিয়ার বাড়ির নিচতলায় এ দুর্ঘটনা ঘটে। জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দগ্ধদের মধ্যে দু’জনের অবস্থা আশংকাজনক। অগ্নিদগ্ধরা হলেন – হযরত আলী(৮), মিম(১৩), সুলতানা(৩৫), আব্দুল মান্নান(৫০) ও সিয়াম(১৯)।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, দগ্ধদের মধ্যে সুলতানার ৯০ শতাংশ এবং মিমের ৪১ শতাংশ, হযরত আলীর ৮ শতাংশ,আব্দুল মান্নানের ৩০ শতাংশ এবং সিয়ামের শরীরের ৭৭ শতাংশ দগ্ধ হয়েছে।তাদের প্রত্যেককে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার লিকেজের কারণে ঘরের ভেতরে গ্যাস জমে ছিল এবং সকালে বিস্ফোরণ ঘটে।তবে সুনির্দিষ্ট কারণ অনুসন্ধান এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে।