নওগাঁ জেলার পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) কর্তৃক সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ এক চোরাকারবারিকে আটক করা হয়েছে।বিজিবি সূত্রে জানা যায়, সোমবার (১৫ ডিসেম্বর ২০২৫) সকাল আনুমানিক ১১টার দিকে বস্তাবর বিওপির টহল কমান্ডার নায়েক মো. এরশাদ আলীর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬৩/৭-এস এলাকা থেকে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার ফার্সিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ৩৫ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. জাহানুর আলম জনি (৩০) নামে এক চোরাকারবারিকে আটক করা হয়। তিনি মো. আবু বক্করের ছেলে। তার বাড়ি নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার ফার্সিপাড়া পোস্ট এলাকার ছাইতান কুড়ি গ্রামে।
আটককৃত আসামির বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। জব্দকৃত মাদকদ্রব্যসহ তাকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।
এ বিষয়ে পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস বলেন, নওগাঁ ও জয়পুরহাট সীমান্ত এলাকায় গরু পাচার, মাদক চোরাচালান, অবৈধ সীমান্ত পারাপারসহ সব ধরনের চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে এবং যেকোনো অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।