ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের কোনাগ্রামে চোরের হামলায় নিহত হয়েছেন সৌদি প্রবাসী জামাল মাতুব্বর (৫৫)। গতকাল শুক্রবার (৪ এপ্রিল) গভীর রাতে তার নিজ বাসায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত জামাল একই গ্রামের মৃত হাতেম মাতুব্বরের ছেলে। মাত্র এক মাস আগে তিনি বিয়ে করেছেন।
প্রতিবেশিরা জানান, জামালের বাবা হাতেম মাতুব্বরকে ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী হত্যা করে। তখন জামাল ছিলেন মায়ের গর্ভে, জন্মের পর মা শিরি বেগম তাকে লালন-পালন করেন। সংসারের দায়িত্ব নিতে ২৮ বছর আগে সৌদি আরবে পাড়ি জমান তিনি। দীর্ঘদিন পর গত রমজানের আগে দেশে ফিরে মাত্র এক মাস আগে বিয়ে করেন।
জামালের মা শিরি বেগম বলেন বাড়িতে শুধু জামাল ও তার সদ্য বিয়ে করা স্ত্রী ছিলো । চোরেরা ঘরে ঢুকে তাকে নির্মমভাবে হত্যা করে নগদ পাঁচ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাপাতালে নিয়ে গেলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন আমার আর দুনিয়াতে কেউ রইল না।
স্থানীয়দের অনেকে মনে করেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড ও হতে পারে। সিনিয়র সহকারী পুলিশ সুপার নগরকান্দা সার্কেল আসাদুজ্জামান শাকিল বলেন, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।