খুলনার পাইকগাছা পৌরসভার নির্মিত ড্রেনের নির্গত নোংরা পানি, মল-মুত্র ও ময়লা আবর্জনায় পানি উন্নয়ন বোর্ডের কলোনীর পুকুরের পানি ও পরিবেশ নষ্ট হচ্ছে।
আর পানি নষ্ট হওয়ার কারণে ইতিমধ্যে একটি পুকুরের মাছ মরে গেছে। অন্যদিকে নোংরা পরিবেশের কারণে মশা- মাছি জন্ম নিয়েছে এখানে। যার ফলে ডেঙ্গু আতংকে রয়েছে কর্মকর্তা, কর্মচারী ও কলোনীর লোকজনরা।
অন্যদিকে পানি নষ্ট হয়ে যাওয়ার কারনে পুকুরটিতে গোসল ও ধোয়া পালাবন্ধ হয়ে গেছে। এছাড়াও প্রতি বছরই বর্ষাকালে ড্রেনের নোংরা পানিতে পুকুর তলিয়ে কলোনীর অভ্যান্তরে জলবদ্ধতার সৃষ্টি হয়। ফলে চরম ভোগান্তিতে পড়ে পানি উন্নয়ণ বোর্ড পাইকগাছা শাখা অফিস। এমনটিই জানালেন পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মোতালেব হোসেন।
এ সমস্যা সমাধানে পরিবেশ সম্মত দ্রুত ড্রেন সংস্কার ও ড্রেনের প্রাচীর উঁচু করার দাবীতে পৌর প্রশাসককে লিখত ভাবে আবেদন করা হয়েছে। উপ বিভাগীয় প্রকৌশলী (ভারপ্রাপ্ত) এসএম রিফাত-বিন রফিক এ আবেদন করেন। এছাড়াও একটি পুকুর থেকে কিছু মাছ আহরণ করে পাশ্ববর্তী পুকুরে ছাড়লে সেখানে কিছু মাছ মারা যাচ্ছে বলেও এ কর্মকর্তা জানান।
এ বিষয়ে পৌর প্রশাসক ওয়াসিউজ্জামান চৌধুরী জানালেন একটি আবেদন পেয়েছি। দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেয়া হবে।