পিরোজপুরের কাউখালীর ৪টি কোরবানির পশুর হাটের খাজনা স্থানীয় সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজু্য সুমন মওকুফ করে দেওয়ায় জমে উঠেছে কাউখালী, কেউন্দিয়া, হোগলা বেতকা, তালুকদার হাটের কোরবানির পশুর হাটের বেচাকেনা।
আজ শুক্রবার নতুন নির্ধারিত কাউখালীর সন্ধ্যা নদীর পাড়ে ইকোপার্কে কোরবানির হাটে দূর দূরান্ত থেকে কয়েক শতাধিক খামারিরা গরু নিয়ে উপস্থিত হয়। নতুন হাটের পরিবেশ দেখে তারা সন্তুষ্ট প্রকাশ করলেও আশানুরূপ গরু বেচাকেনা না হওয়ায় তারা হতাশা ব্যক্ত করেছেন। আশা করছেন আগামী হাটে ব্যাপক গরু বেচাকেনা হবে।
উপজেলা প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা গেছে, কোরবানি উপলক্ষে কাউখালী উপজেলায় প্রস্তুত করা হয়েছে ১৫শ ৩১টি গবাদি পশু যা চাহিদার তুলনায় বেশি।
কোরবানির গরুর হাটে নিয়মিত ভেটেরিনারি সার্জন, পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেছেন।
গরু বেপারী রফিক মিয়া জানান, কাউখালীর গরুর হাটটি একটি সুন্দর পরিবেশে আয়োজন করায় এবং খাজনা মওকুফ করায় স্থানীয় সংসদ সদস্যকে আমরা ধন্যবাদ জানাই। আশা করছি আগামী হাটে প্রচুর ক্রেতা আসবে এবং আমাদের সকল গরু কেনাবেচা হবে।
গরু কিনতে আসা ক্রেতা মোঃ জলিল জানান, খাজনা মওকুফ ও পরিবেশটা ভালো হওয়ায় এই হাটটি আস্তে আস্তে জমে উঠছে গরুর দাম আরেকটু কম হলে ক্রেতা বাড়বে।
প্রশাসন সূত্রে জানা যায়, কাউখালী সহ নেছারাবাদ, স্বরূপকাঠী পৌরসভা, ভান্ডারিয়া উপজেলায় কোরবানির পশুর হাটের খাজনাও পিরোজপুর দুই আসনের এমপি আহমেদ সোহেল মনজু্র সুমন মওকুফ করে দিয়েছেন।
কাউখালী উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান বলেন, প্রতিমন্ত্রী মহোদয় কোরবানির হাটের খাজনা মওকুফ করে দিয়েছে আমরা প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গদের নিয়ে হাটের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেছি।