উপজেলার নানুপুর এলাকায় জীপ-অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে পারভিন আক্তার (৫০) নামে এক মহিলার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার বিকেল প্রায় ৫টার সময় নানুপুর ইউনিয়নের সুলতানিয়া রাইস মিল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পারভিন আক্তার ধর্মপুর ইউনিয়নের আজাদী বাজার এলাকার ৫নং ওয়ার্ডের আবদুস সালামের স্ত্রী।
স্থানীয় সূত্রগুলো জানায়, দীর্ঘদিন পর দেশে ফেরা তার প্রবাসী দুই ভাইকে দেখতে যাওয়ার উদ্দেশ্যে অটোরিক্সা যোগে রওনা হয়েছিলেন পারভিন আক্তার। পথে নানুপুরের সুলতানিয়া রাইস মিলের সামনে ধান বোঝাই একটি ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। ট্রাকটিকে পাশ কাটিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা কাঠ বোঝাই জীপের সঙ্গে অটোরিক্সাটির সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অটোরিক্সাটি-ধুমড়ে মুচড়ে যায় এবং পারভিন আক্তার গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ হাসপাতালে পৌঁছে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পারভীন আকতারের স্বামী ও পরিবারের সদস্যরা জানান, প্রবাস থেকে দেশে ফেরা ভাইদের সঙ্গে দেখা করার আনন্দ নিয়েই তিনি বাড়ি থেকে বের হয়েছিলেন। কিন্তু সেই যাত্রাই হয়ে উঠল তার জীবনের শেষ যাত্রা। এ দুর্ঘটনায় তাঁর মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।