ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার রাধাকানাই ইউনিয়নের রঘুনাথপুর চালাপাড়া এলাকায় গাঁজা চাষের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন স্থানীয় এলাকাবাসী।
গতকাল শনিবার (১৩ জুন) বিকেলে এক বিশেষ অভিযানের মাধ্যমে বাড়ির পাশের জঙ্গল থেকে তিনটি বড় আকারের গাঁজা গাছ উদ্ধার করেছেন তারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই রঘুনাথপুর চালাপাড়া এলাকার একটি নির্দিষ্ট স্থানে গাঁজা চাষ করা হচ্ছিল। বিষয়টি নজরে আসার পর স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ওঠেন। শনিবার বিকেলে স্থানীয় মুদি ব্যবসায়ী আনোয়ার হোসেনের নেতৃত্বে এলাকাবাসী ঐক্যবদ্ধভাবে ওই এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানের সময় স্থানীয়রা গাঁজা গাছগুলো উপড়ে ফেলেন। ঘটনার সময় উপস্থিতি টের পেয়ে আব্দুল বারেক ও সুজন নামের দুই ব্যক্তি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এলাকাবাসীর অভিযোগ, পালিয়ে যাওয়া ওই দুই ব্যক্তি দীর্ঘদিন ধরেই অত্র এলাকায় গাঁজা ব্যবসার সঙ্গে জড়িত।
এলাকাবাসীর এই সাহসী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল। মাদক নির্মূলে এলাকাবাসীর এমন তৎপরতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন তারা। অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।