ময়মনসিংহের ফুলবাড়ীয়া পৌরসভা এলাকায় পৌরবাসীর সুযোগ-সুবিধা ও নিরাপত্তা বৃদ্ধিতে নতুন করে সৌরবিদ্যুৎ চালিত ল্যাম্পপোস্ট (সোলার বাতি) স্থাপন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার ২৩ জুন পৌরসভা কার্যালয়ের সামনের প্রধান সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এই সোলার বাতি স্থাপন কাজের শুভ উদ্বোধন করেন ফুলবাড়ীয়া পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) শেখ তাজী তাজওয়ার।
উদ্বোধনকালে পৌর প্রশাসক শেখ তাজী তাজওয়ার বলেন, “পৌর এলাকাকে আধুনিক ও নিরাপদ হিসেবে গড়ে তুলতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। সোলার বাতি স্থাপনের ফলে রাতে পথচারী ও যানবাহন চলাচলে সুবিধা হবে এবং অপরাধমূলক কর্মকাণ্ড রোধে এটি বড় ভূমিকা রাখবে। পরিবেশবান্ধব এই গ্রিন এনার্জি ব্যবহারের মাধ্যমে বিদ্যুতের সাশ্রয়ও হবে।” তিনি কাজের গুণগত মান বজায় রেখে দ্রুত সময়ের মধ্যে প্রকল্প শেষ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফুলবাড়ীয়া পৌরসভার প্রকৌশল শাখার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং বাতি স্থাপনের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পৌরসভা সূত্র জানায়, পর্যায়ক্রমে পৌরসভার প্রধান প্রধান সড়ক, মোড় এবং অন্ধকারাচ্ছন্ন গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে এই আধুনিক সোলার বাতি স্থাপন করা হবে। নতুন এই উদ্যোগের ফলে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মাঝে স্বস্তি ও সন্তোষ দেখা দিয়েছে।