সাতক্ষীরার উপকূলীয় জনপদ শ্যামনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২৩শে ফেব্রুয়ারি) সকাল থেকে শুরু হওয়া এই সমাবেশে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে শ্যামনগর মুখরিত হয়ে ওঠে। উপজেলার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে খন্ড ন্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে সমবেত হন।
সকাল ৯টায় মহিলা কর্মী সম্মেলনের মাধ্যমে এই কর্মসূচির সূচনা হয়, যেখানে বিপুল সংখ্যক নারী কর্মী অংশগ্রহণ করেন। তারা জামায়াতের আদর্শ ও সাংগঠনিক কার্যক্রমে নিজেদের আরও বেশি সম্পৃৃক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেন। দুপুরের পর থেকে সমাবেশস্থলে নেতা-কর্মীদের ঢল নামে, যা পুরো এলাকাকে জনসমুদ্রে পরিণত করে।
উপজেলা আমীর মাওলানা আবদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। তিনি বলেন, বাংলাদেশের মানুষ তাদের মত প্রকাশের স্বাধীনতা হারিয়েছে। জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দিয়ে হয়রানি করা হয়েছে, তাদের ফাঁসি কার্যকর করা হয়েছে, যা একটি গণতান্ত্রিক রাষ্ট্রে অগ্রহণযোগ্য। তিনি আরও বলেন, সরকারের উচিত জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা এবং রাজনৈতিক প্রতিহিংসা পরিহার করা। ইসলামী আন্দোলনকে দমন করা যাবে না, বরং এই আন্দোলন আরও বেগবান হবে।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ ইজ্জত উল্যাহ, মুহাদ্দিস আব্দুল খালেক, ড. মাওলানা খলিলুর রহমান মাদানী, অধ্যাপক শহিদুল ইসলাম মুকুল, সাবেক এমপি গাজী নজরুল ইসলাম, মাওলানা আজিজুর রহমান, শেখ নুরুল হুদা, মাহবুবুল হক, প্রভাষক ওমর ফারুক সহ কেন্দ্রীয়, জেলা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা জামায়াতের ভবিষ্যৎ কর্মপন্থা, সংগঠনের সাংগঠনিক শক্তি বৃদ্ধির প্রয়োজনীয়তা এবং শ্যামনগর উপজেলার উন্নয়নের রূপরেখা নিয়ে আলোচনা করেন।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, এই কর্মী সম্মেলনের মাধ্যমে দলীয় কর্মীরা নতুন উদ্দীপনায় কাজ করবে এবং জনগণের অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।