সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় প্রায় ৩৩ লাখ ১৯ হাজার টাকা মূল্যের ১ হাজার ৩১৯ বোতল ফেন্সিডিল এবং বিপুল পরিমাণ শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় ঔষধ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
আজ সোমবার (১৫ জুন) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি বলেন, উপকূলীয় ও সীমান্তবর্তী এলাকায় মাদক, চোরাচালান এবং অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় রবিবার দিবাগত রাত ১টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বড় হোগলডোরা খাল সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন কৈখালী গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ওই এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় প্রায় ৩৩ লাখ ১৯ হাজার টাকা মূল্যের ১ হাজার ৩১৯ বোতল ফেন্সিডিল এবং অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে দেশে আনা বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ জব্দ করা হয়।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, জব্দকৃত ফেন্সিডিল ও ঔষধের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মাদক ও চোরাচালানবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।