ঢাকা প্রতিদিন প্রতিবেদক : তিন দশকের অধিক সময় আগে ঢাকার ভিকারুননিসা নূন স্কুলের সামনে সগিরা মোর্শেদ সালাম হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণের তারিখ পিছিয়ে আগামী ১০ নভেম্বর ধার্য করেছেন ট্রাইব্যুনাল। ১৮ অক্টোবর মঙ্গলবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক রফিকুল ইসলামের আদালতে মামলাটি সাক্ষ্য গ্রহণের জন্য ধার্য ছিল। কিন্তু সগিরা মোর্শেদের মেয়ে সাদিয়া চৌধুরীর সাক্ষ্য দেওয়ার বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেছেন আসামিপক্ষ। এজন্য তারা সময় আবেদন করেন। আদালত সময় আবেদন মঞ্জুর করে সাক্ষ্য গ্রহণের পরবর্তী এ তারিখ ধার্য করেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী শামসুদ্দিন জুম্মন এ তথ্য জানান। মামলাটিতে এখন পর্যন্ত ৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।আসামিরা হলেন- সগিরা মোর্শেদের ভাসুর ডা. হাসান আলী চৌধুরী (৭০), জা সায়েদাতুল মাহমুদা ওরফে শাহিন (৬৪), শ্যালক আনাছ মাহমুদ রেজওয়ান (৫৯) ও মারুফ রেজা (৫৯)।২০২০ সালের ২ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। ১৯৮৯ সালের ২৫ জুলাই বিকেলে সিদ্ধেশ্বরীর ভিকারুননিসা নূন স্কুলের সামনে সগিরা মোর্শেদকে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় রমনা থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন তার স্বামী সালাম চৌধুরী।
ঢাকা প্রতিদিন/এআর