ফরিদপুরের সালথা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আতিয়ার রহমান কবির মিয়ার কবর জিয়ারত করলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম। আজ রবিবার (৪ জানুয়ারি) বিকালে সালথা উপজেলার ভাওয়াল গ্রামে পারিবারিক কবরস্থানে গিয়ে কবির মিয়ার কবর জিয়ারত করেন তিনি।
পরে মরহুমের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করে সংক্ষিপ্ত বক্তব্যে শামা ওবায়েদ ইসলাম বলেন, আতিয়ার রহমান কবির মিয়া সালথা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। উনি আমার বাবা মরহুম কেএম ওবায়দুর রহমান সাহেবের অত্যন্ত কাছের মানুষ ছিলেন। তিনি এখন আমাদের মাঝে নেই আমাদেরকে ছেড়ে চলে গেছেন। আমি উনার আত্মার মাগফিরাত কামনা করছি। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহতালা যেন কবির চাচাকে বেহেশতের মেহমান বানান।
তিনি আরও বলেন, বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান বলেছেন আগামী নির্বাচন কঠিন হবে। এজন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আগে কে কোন দল করত সেগুলো আমাদের দেখা যাবে না। আগমী নির্বাচনে বিএনপি যদি নির্বাচিত হয় সরকার গঠন করতে পারে তাহলে আমরা ৩১দফা দ্বারা দেশ পরিচালনা করবো। আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমি গত ১৮ বছর আপনাদের পাশে আছি এবং আমার মৃত্যুর আগ মূহুর্ত পর্যন্ত আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।
বিএনপি নেতা হাফিজুর রহমান মুন্নু মিয়ার সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সহ-সভাপতি শাহিন মাতুব্বর, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সালথা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, সাবেক উপজেলা চেয়ারম্যান ওহিদুজ্জামান, সাবেক ভাইস মো. চেয়ারম্যান আছাদ মাতুব্বর, বিএনপি নেতা জাহিদ হোসেন, রাশেদ মাতুব্বর, যুবদল নেতা এনায়েত হোসেন, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইসরাফিল মাতুব্বর, কামরুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সভাপতি কালাম বিশ্বাস, উপজেলা কৃষক দলের সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি ইয়াসিন বিশ্বাস, ছাত্রদল নেতা রেজাউল ইসলাম রাজ প্রমুখ। এছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।