ফরিদপুরের সালথা উপজেলায় প্রেমের বিয়ের মাত্র চার মাসের মাথায় এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার (২০ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের যুগিডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লাইজু আক্তার (২৪) একই গ্রামের মুকুল মোল্যা (৩৫)-এর স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, একটি শিল্প প্রতিষ্ঠানে চাকরি করার সময় পরিচয়ের সূত্র ধরে লাইজু আক্তার ও মুকুল মোল্যার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে প্রায় চার মাস আগে দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয়।
স্বামী মুকুল মোল্যা জানান, দাম্পত্য জীবনে তাদের মধ্যে কোনো পারিবারিক বিরোধ ছিল না। স্বামী-স্ত্রীর সম্পর্কও স্বাভাবিক ছিল। হঠাৎ কী কারণে লাইজু এমন সিদ্ধান্ত নিলেন, তা তিনি বুঝতে পারছেন না।
স্থানীয়দের ভাষ্য, শুক্রবার সকালে লাইজু আক্তারকে নিজ ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান প্রতিবেশীরা। পরে পুলিশকে খবর দেওয়া হলে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
স্থানীয়রা আরও জানান, প্রেমের সম্পর্কের মাধ্যমে বিয়ে হলেও তাদের দাম্পত্য জীবনে উল্লেখযোগ্য কোনো বিরোধের কথা জানা যায়নি। তরুণীর আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।