দীর্ঘ ১ মাস সিয়াম -সাধনা’র পর ঈদুল ফিতরের বাকি আর মাত্র কদিন। এই ঈদ উৎসব ঘিরে চলছে জোর প্রস্তুতি।
প্রতি বছরের ন্যায় এবারো ঈদের নামাজ আদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে কিশোরগঞ্জের ভৈরবে ঐতিহ্যবাহী কেন্দ্রীয় ঈদগাহ মাঠ। যেখানে প্রায় একসঙ্গে ৪ হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করতে পারবেন। ইতোমধ্যে নামাজের মাঠ প্রস্তুত করার কাজ শেষ পর্যায়ে। এরপরেই শুরু হয়েছে সামিয়ানা টাঙানোর কাজ। বুধবার ভৈরব পৌর শহরের ৮ নং ওয়ার্ডে কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সরজমিনে ঘুরে দেখা যায়, শ্রমিকরা পুরো মাঠে প্রস্তুতের কাজ করছেন। ১৭০ ফুট দৈর্ঘ্য এবং ১২০ ফুট প্রস্থের মাঠে বাঁশ বাঁধার কাজ চলছে বেশ জোরেশোরে। এর আগে গত ২ মার্চ থেকে ১৩৪ তম ঈদগাহ ময়দান প্রস্তুতের কাজ শুরু হয়। প্রতিদিন ১৮ জন শ্রমিক কাজ করছেন। আগামী ২০ মার্চ মধ্যে নামাজের জন্য ময়দান পুরোপুরি প্রস্তুত করে বুঝিয়ে দিতে হবে। মোট মাঠে , ২০ টি স্ট্যান্ড ফ্যান, ২৫ টি মেটাল লাইট ও ২৭টি টিউব লাইট লাগানো হবে।
এছাড়া অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত থাকবে। কেন্দ্রীয় ঈদগাহ মাঠে কর্মরত শ্রমিক মোঃ অলিউল্লাহ ও ওমর ফারুক লিংকন দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকার ভৈরব-কুলিয়ারচর প্রতিনিধি-কে জানান, তারা কয়েকদিন ধরে মাঠের মধ্যে বাঁশ বাঁধার কাজ করছেন। এই কাজ সারা হলে সামিয়ানা টাঙানো হবে। ধীরে ধীরে অন্যান্য সব কাজ শেষ করা হবে।
ঈদ জামাতকে কেন্দ্র করে নিরাপত্তা, যানবাহন চলাচল, মাঠ প্রস্তুতকরণ, মুসল্লিদের প্রবেশ ও বের হওয়ার ব্যবস্থা, চিকিৎসা সহায়তা এবং সার্বিক শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে ।
এই ব্যাপারে, স্থানীয় মুসল্লি ও ভৈরব পৌর বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মোঃ জিল্লুর রহমান বলেন, এবার অত্যধুনিক ভাবে জোরেশোরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠের কাজ চলছে, এ কাজে ঈদগাহ মাঠ কমিটি সহ স্থানীয়রাও সার্বিক ভাবে সহযোগিতা ও তদারকি করছেন তাদের মধ্যে সাবেক পৌর ৮নং ওয়ার্ড কাউন্সিল হাবিবুল্লাহ নিয়াজ, মোঃ সওকত আলী, মশিউর রহমান তাপস, বাবু মোল্লা,দীলিপ,জজ মিয়া-সহ আরো অনেকেই কাজগুলো নিজ নিজ দায়িত্বে সম্পন্ন করছেন। অনেকে আবার আর্থিক ভাবেও সার্বিক সহযোগিতা করেছেন।এক্ষেত্রে অনেকেই নাম প্রকাশে অনিচ্ছুক তাই সকলের নাম বলা সম্ভব হচ্ছে ইতিমধ্যে তবে ইনশাআল্লাহ আমরা পবিত্র ঈদ ফিতরের দিন ধর্ম-বর্ণ সকলে মিলে একসাথে ঈদের জামাত আদায় করবো।
এ দিকে, ভৈরব কেন্দ্রীয় ঈদগাহ মাঠ কমিটি সাধারণ সম্পাদক বিশিষ্ট শিক্ষানুরাগী রোটারিয়ান আলহাজ্ব মোঃ হুমায়ুন কবির বলেন, ভৈরব বাজার জামে মসজিদের খতিব হাফেজ জামাল হুজুরের ইমামতিতে আসন্ন ১৩৪ তম ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮ টায় অনুষ্ঠিত হবে। ঈদ গাহ মাঠ কমিটি কর্তৃপক্ষ মাঠ পরিচ্ছন্ন করাসহ বৃষ্টি থেকে রক্ষা পেতে বিশাল প্যান্ডেল করেছে। এখানে একসঙ্গে প্রায় ৪ হাজারের বেশি মুসুল্লি নামাজ আদায় করতে পারবে। ট্যুরিস্ট পুলিশ অতিরিক্ত ডিআইজি মোঃ আপেল মাহমুদসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং ধর্মপ্রাণ মুসল্লিরা এখানে ঈদের নামাজ আদায় করবেন। এ ছাড়া বন্দর নগরীর ভৈরবের প্রতিটি ওয়ার্ডে পৃথক ঈদের জামাত অনুষ্ঠিত হবে।