মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুর জেলার মধুখালী উপজেলায় অবস্থিত বৃহত্তর ফরিদপুরের একমাত্র ভারী শিল্প ‘ফরিদপুর চিনিকলে’ কর্মরত শ্রমিক কর্মচারীদের ৫ মাসের বকেয়া বেতনসহ অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীদের গ্র্যাচুইটি, আখচাষীদের আখের মূল্য পরিশোধ, চিনিশিল্প বন্ধের প্রক্রিয়া বাতিলকরণ, আসন্ন (২০২০-২১) আখ মাড়াই মৌসুমের পূর্বে যাবতীয় মালামাল সরবরাহ করা,আখ উৎপাদনের স্বার্থে সার,বীজ,কীটনাশকসহ জরুরী উপকরণ সরবরাহ করার দাবি ও ১৫ টি চিনিকল সচল রাখার দাবিতে কেন্দ্রিয় আখচাষী ফেডারেশন ও কেন্দ্রিয় শ্রমিক কর্মচারী ফেডারেশনের সিদ্ধান্ত মোতাবেক গতকাল বুধবার দুপুর ১২টায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সভাপতি শাহ মো. হারুন অর রশিদের সভাপতিত্বে কর্মবিরতি চলাকালে বক্তব্য দেন শ্রমজীবী ইউনিয়নের সাধারন সম্পাদক কাজল বসু, আখচাষী কল্যান সংস্থার সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম,বিশিষ্ট আখচাষী আব্দুল হাই বাশি,শ্রমিক নেতা আঃ বারিক প্রমুখ। একটি বিক্ষোভ মিছিল বের হয়ে চিনিকলের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বক্তারা ৫ দফা দাবি মেনে নিয়ে ১৫ টি চিনিকল সচল রাখার আহবান জানান,অন্যথায় ধারাবাহিক আন্দোলনের কর্মসূচী দেওয়া হবে বলে ঘোষনা দেওয়া হয়।