শেরপুরে গর্ভবতী নারীর সন্তান প্রসব করাতে গিয়ে এক নারী স্বাস্থ্য সহকারীর স্বামীর বাইক চুরির ঘটনা ঘটেছে।
গত ৩০ মে শনিবার দিবাগত রাত দেড়টার দিকে ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে এমন ঘটনা ঘটেছে বলে জানা গেছে। আর এ ঘটনায় সন্দেহের তীর উঠেছে স্থানীয় মাদক মামলার আসামী রাসেল মিয়ার বিরুদ্ধে। এঘটনায় ভুক্তভোগী স্বাস্থ্য সহকারী মোছা: শাহিনা দরুদা বেগমের স্বামী মো: জহুরুল হক বাদি হয়ে ঝিনাইগাতী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূ্ত্র ও এলাকাবাসীর বক্তব্য অনুযায়ী জানা গেছে, গতকাল রাতে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী শাহিনা বেগম বানিয়াপাড়া এলাকার বাসিন্দা নুরজাহান বেগমের ডাকে সাড়া দিয়ে তার মেয়ের নবজাতক সন্তান প্রসব করাতে গেলে সে সময় শাহিনা বেগমের স্বামী জহুরুল হক তার ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেলটি বাড়ির পাশে আঙিনায় রেখে দিলে সেখান থেকেই গাড়িটির লক ভেঙে চুরি করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী ও স্থানীয় মালিঝিকান্দা ইউপি চেয়ারম্যান সহ উপস্থিত সবাই সন্দেহ করেন এই চুরির ঘটনার সাথে রাসেল মিয়া জড়িত। অনেকে তাকে গভীর রাতের আঁধারে গাড়িটি চালিয়ে যেতে দেখেছেন।
এব্যাপারে রাসেল মিয়া বলেন, জহরুল হকের সাথে তার কথা হয়েছিল কিন্তু সে বাইক চুরি করেনি। তাহলে কে চুরি করেছে জানতে চাইলে সে একেক সময় একেক বক্তব্য প্রদান করে।
ভুক্তভোগী জহুরুল হক বলেন, রাসেল দোকানে আমাকে বসে থাকতে দেখে নাম পরিচয় জিজ্ঞেস করে। এর কিছুখনের মধ্যে বাইকসহ সে হাওয়া হয়ে যায়। আমি নিশ্চিত সে একাজ করেছে। আমার গাড়িটি আমি ফেরত চাই। ”
এব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আমিরুল ইসলাম বলেন, ভুক্তভোগী অভিযোগ পেয়েছি। আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিব।