সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণের লক্ষ্যে সরকার ঘোষিত ৫৮ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা বাস্তবায়নে আনোয়ারা উপজেলার সাঙ্গু নদী ও বঙ্গোপসাগরের মোহনায় এক বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। প্রজনন মৌসুমে ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত দেশের সামুদ্রিক জলসীমায় যেকোনো প্রজাতির মাছ শিকার নিষিদ্ধ করা হয়েছে।
সোমবার (১২ই মে) উপজেলার মৎস্য অধিদপ্তর ও বাংলাদেশ কোস্টগার্ডের যৌথ অভিযানে প্রায় ২০টি চিংড়ি পোনা ধরার জাল জব্দ করা হয়। এসব জালের আনুমানিক দৈর্ঘ্য ২০,০০০ মিটার এবং বাজারমূল্য প্রায় ২,৫০,০০০ টাকা।
অভিযানটি পরিচালনা করেন শ্রদ্ধেয় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব মোঃ রাশিদুল হক। এতে সহযোগিতা করেন মৎস্য অধিদপ্তরের ইলিশ সম্পদ সংরক্ষণ ও উন্নয়ন ব্যবস্থাপনা প্রকল্পের সহকারী পরিচালক জনাব মোহাম্মদ ফরিদ হোসেন, আনোয়ারা মেরিন ফিসারিজ অফিসার জনাব প্রীতম চৌধুরী এবং বাংলাদেশ কোস্টগার্ড সিজি স্টেশন সাঙ্গু গহিরা কন্টিজেন্ট কমান্ডার জনাব মোঃ মোস্তফা ও তার প্রতিনিধিবৃন্দ।
অভিযান শেষে জব্দকৃত জালসমূহ সাঙ্গু স্টেশন, গহিরার পল্টুন এলাকায় স্থানীয় জনগণের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। উল্লেখ্য, সামুদ্রিক মৎস্য সম্পদের টেকসই উৎপাদন ও সংরক্ষণের লক্ষ্যে প্রতি বছরই এ ধরনের নিষেধাজ্ঞা ও অভিযান পরিচালনা করা হয়ে থাকে।