গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খন্ড গ্রামে দীর্ঘদিনের জলাবদ্ধতা ও চলাচলের দুর্ভোগ নিরসনে রাস্তা ও ড্রেন নির্মাণকাজ শুরু হয়েছে।
আজ শনিবার সকালে (১৩ জুন) প্রকল্পটির উদ্বোধন করা হয়। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সামান্য বৃষ্টিতেই এলাকায় পানি জমে যেত। এতে সড়কে চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি দুর্ভোগে পড়তেন শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও সাধারণ বাসিন্দারা। প্রায় এক যুগ ধরে এ সমস্যার সমাধানের দাবি জানিয়ে আসছিলেন তাঁরা।
শনিবার সকালে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু নির্মাণকাজের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, জনগণের দীর্ঘদিনের ভোগান্তি দূর করাই আমাদের প্রধান লক্ষ্য। কেওয়া পশ্চিম খন্ড এলাকার মানুষ বছরের পর বছর জলাবদ্ধতার কারণে দুর্ভোগ পোহাচ্ছেন। এই রাস্তা ও ড্রেন নির্মাণকাজ সম্পন্ন হলে শুধু জলাবদ্ধতাই কমবে না, এলাকার যোগাযোগ ব্যবস্থারও উন্নয়ন হবে। পর্যায়ক্রমে শ্রীপুরের অন্যান্য সমস্যাগ্রস্ত এলাকাতেও প্রয়োজনীয় উন্নয়নকাজ বাস্তবায়ন করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভুঞা, শ্রীপুর পৌর বিএনপির সদস্যসচিব বিল্লাল হোসেন বেপারী, বিএনপি নেতা এস এম মাহফুল হাসান হান্নান, কৃষকদল নেতা এস এম আবুল কালাম আজাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
শ্রীপুর পৌরসভার উপসহকারী প্রকৌশলী হারুনুর রশিদ বলেন, দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার কারণে এলাকাবাসী ভোগান্তিতে ছিলেন। এ সমস্যা সমাধানে প্রায় ১৫০ মিটার ড্রেন ও ইটের সলিং রাস্তা নির্মাণ করা হবে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে প্রায় ১৯ লাখ টাকা।
তিনি আরও বলেন, কাজ শেষ হলে জলাবদ্ধতা কমবে এবং এলাকার মানুষের চলাচল সহজ হবে।
স্থানীয় বাসিন্দারা বলেন, দীর্ঘদিনের একটি সমস্যার সমাধানে কাজ শুরু হওয়ায় তাঁরা আশাবাদী। দ্রুত কাজ শেষ হলে বর্ষা মৌসুমে ভোগান্তি অনেকটাই কমে আসবে বলে তাঁদের প্রত্যাশা।