রাজিবুল হক সিদ্দিকী, কিশোরগঞ্জ থেকে : নির্বাচন পর্যবেক্ষণে ব্যবহৃত কিশোরগঞ্জ প্রেসক্লাব স্টিকারযুক্ত একটি প্রাইভেটকারকে ঘিরে সৃষ্ট ধুম্রজালের সমাপ্তি ঘটেনি অদ্যাবধি। গত ১৬ জানুয়ারি অনুষ্ঠিত কিশোরগঞ্জ পৌর নির্বাচনে পর্যবেক্ষণ কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকারকে ঘিরে রহস্য ক্রমে বেড়েই চলছে। নির্বাচনের দিন পুরো নির্বাচনী এলাকায় সকাল থেকে রাত অবধি কেন্দ্রে কেন্দ্র সরব উপস্থিতি দেখা গেছে রহস্য ঘেরা কিশোরগঞ্জ প্রেসক্লাব স্টিকারযুক্ত প্রাইভেটকারটিকে যার নং (ঢাকা মেট্রো-গ-২৫-৫৯৬০)।
প্রশ্ন উঠেছে কিশোরগঞ্জ প্রেসক্লাবের অচলাবস্থা নিরসনে প্রশাসন এ প্রতিষ্ঠানটিকে বিগত ২৩ নভেম্বর ২০২০ তারিখ সিলগালা করা হয়েছে। অন্তবর্তীকালীন সময়ে পক্ষদ্বয়ের সমন্বয়ে একটি ৬ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। এ অবস্থায় কোন সে ব্যক্তি যিনি নিজেকে চেনালেন প্রেসক্লাবের একজন ত্রাণকর্তা হিসেবে। নির্বাচন পর্যবেক্ষণে প্রশাসন কিশোরগঞ্জ প্রেসক্লাবের কোন গাড়ি রিকুইজিশনের মাধ্যমে বরাদ্দ না দিলেও অদৃশ্য ক্ষমতাবলে কোন এক ব্যক্তি প্রেসক্লাবের সুনাম ও ক্ষমতাকে অপব্যবহার করে ব্যক্তিমালিকানার একটি প্রাইভেটকারে কিশোরগঞ্জ প্রেসক্লাবের স্টিকার লাগিয়ে স্বার্থ হাসিল করছেন।
অভিযোগ উঠেছে হিন্দু ধর্মাবলম্বীদের পূজা উদযাপন কমিটির কথিত এক তেলবাজ নেতা প্রেসক্লাবের মত একটি প্রতিষ্ঠানের সুনামকে ভ্রুক্ষেপ না করে প্রশাসনের জ্ঞাতসারেই এ কাজ করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক পূজা উদযাপন কমিটির একাধিক সদস্য জানান, কথিত এই নেতার নাম নারায়ন দত্ত প্রদীপ। এ ব্যাপারে অভিযুক্ত এ ব্যক্তির সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। ঘটনার পর থেকে কয়েকদিন অতিবাহিত হলেও অভিযুক্ত ব্যক্তি কিশোরগঞ্জ প্রেসক্লাব স্টিকারযুক্ত তার ব্যক্তিমালিকানাধীন প্রাইভেটকারটি ব্যবহার করছেন। এ বিষয়ে ৬ সদস্য বিশিষ্ট কিশোরগঞ্জ প্রেসক্লাব সমন্বয় কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাসউদ এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে জানান, পৌর নির্বাচন পর্যবেক্ষণের জন্য কিশোরগঞ্জ প্রেসক্লাবের নামে গাড়ী বরাদ্দ দেওয়া হয়নি।